নিজস্ব প্রতিবেদক :
সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহকালে ইন্টার্নী চিকিৎসকদের হামলার শিকার হয়ে দুই সাংবাদিক গুরুতর আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখা।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নগরীর একটি রেস্তোরাঁয় সংগঠনের উদ্যোগে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি ফুয়াদ বিন রশীদের সভাপতিত্বে এবং সহ-সভাপতি শহিদুল ইসলাম লিটনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ গাজী, সাংগঠনিক সম্পাদক নির্জন আমিন, সাংবাদিক সুজিত দেব, এস এ সাজু প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তদন্ত সাপেক্ষে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দোষী ইন্টার্নী চিকিৎসকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য গত বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের মারধরের ছবি, ভিডিও এবং সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিকরা। এ সময় ইন্টার্নী চিকিৎসকরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং অতর্কিত হামলা চালান। এতে সিলেট ভিউ মাল্টিমিডিয়ার রিপোর্টার নিবেন্দু তালুকদার এবং দৈনিক শ্যামল সিলেট এর ফটো সাংবাদিক রেজা রুবেল গুরুতর আহত হন।






