মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১১ কার্তিক ১৪৩৩ 📰 ই-পেপার
বিজ্ঞাপন
হেডার (লোগোর পাশে) 728×90
বিজ্ঞাপন
মেনুর নিচে (পূর্ণ প্রস্থ) 970×90

৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা, ২ লাখ কর্মসংস্থানের সম্ভাবনা: প্রধানমন্ত্রী

✍ প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৩ PM👁 ৫
বিজ্ঞাপন
খবরের পাতা: লেখার আগে 728×90

দৈনিক সুদিন ডেস্ক –

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে দেশটির বেসরকারি খাত থেকে আগামী পাঁচ বছরে বাংলাদেশে সর্বোচ্চ এক লাখ কোটি জাপানি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এসব বিনিয়োগের মাধ্যমে দেশে প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

চার দিনের সফরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমান মঙ্গলবার (২৭ অক্টোবর) জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে শীর্ষ বৈঠক করেন। বৈঠকের পর নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, যোগাযোগ অবকাঠামো ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনার কথা তুলে ধরেন।

 

তারেক রহমান বলেন, জাপানে তার ঐতিহাসিক সফর বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই সম্পর্কের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মরহুমা মা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সেই ভিত্তির ওপর দাঁড়িয়ে জাপান সফর ও দ্বিপক্ষীয় যোগাযোগের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করেছিলেন।

জ্বালানি নিরাপত্তায় ৩২ কোটি ডলারের সহায়তাজাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের বিষয়ে তারেক রহমান বলেন, গণতন্ত্র, আইনের শাসন, অর্থনৈতিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতি দুই দেশের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। আলোচনার মূল লক্ষ্য ছিল এই অংশীদারত্বকে বাংলাদেশের জনগণের জন্য বাস্তব ও দৃশ্যমান সুযোগে রূপান্তর করা।বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে জাপানের ‘পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া’ উদ্যোগের আওতায় পাঁচ হাজার কোটি জাপানি ইয়েন বা প্রায় ৩২ কোটি মার্কিন ডলারের জরুরি আর্থিক সহায়তার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে জাপানের বেসরকারি খাত থেকে বাংলাদেশে সর্বোচ্চ এক লাখ কোটি জাপানি ইয়েন বা প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের সম্ভাবনা নিয়ে উৎসাহব্যঞ্জক আলোচনা হয়েছে। এসব বিনিয়োগ বাংলাদেশের শিল্পায়ন ত্বরান্বিত করবে, উৎপাদন সক্ষমতা বাড়াবে এবং তরুণ কর্মশক্তির জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। এতে প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব

কৃত্রিম বুদ্ধিমত্তা, ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস, ইলেকট্রনিকস উৎপাদন ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি বাংলাদেশ-জাপান টেক পার্ক প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন বলে জানান তারেক রহমান।

এছাড়া মহাকাশবিজ্ঞান ও স্যাটেলাইট প্রকৌশলে সহযোগিতা, দেশের ছয়টি প্রধান বিভাগীয় শহরের মধ্যে উচ্চগতির রেল যোগাযোগ স্থাপন এবং আধুনিক পরিবহন অবকাঠামো উন্নয়নে জাপানের কারিগরি ও আর্থিক সহায়তার বিষয়েও আলোচনা হয়েছে।

বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয়ে গুরুত্ব

শীর্ষ বৈঠকের উল্লেখযোগ্য অর্জন হিসেবে বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় বা ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে যৌথ সমৃদ্ধির নতুন কাঠামোয় এগিয়ে নেওয়ার বিষয়ে দুই দেশের অভিন্ন অঙ্গীকারের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, নবায়িত সহযোগিতায় জ্বালানি, গভীর সমুদ্রবন্দর, শিল্প অবকাঠামো, প্রযুক্তি ও আঞ্চলিক যোগাযোগব্যবস্থার সমন্বিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগসেতু হিসেবে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হবে।

বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) দ্রুত বাস্তবায়ন, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার এবং দুই দেশের অভিন্ন অগ্রাধিকারগুলোকে বাস্তব ফলাফলে রূপ দিতে মন্ত্রী পর্যায়ের একটি যৌথ কমিশন গঠনের প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছে বলে জানান তারেক রহমান।

রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা কামনা

রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য জাপানের অব্যাহত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণভাবে ও টেকসই উপায়ে প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের অব্যাহত ও সক্রিয় সম্পৃক্ততার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে জাপান অন্যতম। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নযাত্রার প্রতিটি পর্যায়ে জাপান বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে পাশে থেকেছে। জাপানের বন্ধুত্ব, উদারতা ও দীর্ঘদিনের সহযোগিতার জন্য বাংলাদেশের জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তিনি।

বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকারের অঙ্গীকার

প্রধানমন্ত্রী বলেন, গণতান্ত্রিক নির্বাচনের পর বাংলাদেশ যখন নতুনভাবে এগিয়ে যাচ্ছে, তখন তার সরকার বিনিয়োগ, উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন এবং অর্থবহ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ।

বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, জাপান সরকার এবং দেশটির জনগণকে উষ্ণ আতিথেয়তা ও বাংলাদেশের প্রতি অব্যাহত আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান।

পোস্টের শেষাংশে তিনি বাংলাদেশ ও জাপানের বহুমাত্রিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, দুই দেশ একসঙ্গে আরও শক্তিশালী, উন্নত ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।

আরও পড়ুন

খেলাধুলা

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক – সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। সংগঠনটির দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি একেবারে নিখুঁতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আঘাত হেনেছে।…

খেলাধুলা

বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিককে জোরপূর্বক যুদ্ধচুক্তিতে সই করানোর প্রমাণ মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক – রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিক পাচার ও তাদের যুদ্ধচুক্তিতে জোরপূর্বক সই করানোর প্রমাণ পেয়েছে জাতিসংঘ। চাকরির মিথ্যা লোভ দেখিয়ে বাংলাদেশসহ ওইসব দেশের অর্থনৈতিকভাবে অসচ্ছল…

খেলাধুলা

নির্বাচনে ভোটার উপস্থিতি দেখে শঙ্কায় নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক – তিন বছর ধরে চলা যুদ্ধ ও চরম অস্থিরতার পর ইসরাইলে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় নির্বাচন। এবারের নির্বাচনে মানুষের উপস্থিতি অবিশ্বাস্য রকমের বেশি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তথ্য…

খেলাধুলা

‘ভোটার টানতে ভয়ভীতি দেখানো ও মিথ্যার আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু’

আন্তর্জাতিক ডেস্ক – ইসরাইলের চলমান জাতীয় নির্বাচনে ভোটারদের নিজেদের পক্ষে টানতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অপকৌশল, মিথ্যাচার এবং জনগণের মনে ভীতি সঞ্চারের আশ্রয় নিচ্ছেন বলে গুরুতর অভিযোগ তুলেছেন তার…

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *