দৈনিক সুদিন ডেস্ক –
রংপুরের মিঠাপুকুরে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এ দুর্ঘটনায় আরও অন্তত ১৮ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার (২৮ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ মাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের ওমর আলীর ছেলে মোজাফফর হোসেন। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী ‘খান এক্সপ্রেস’-এর একটি দূরপাল্লার বাস বৈরাগীগঞ্জ মাজার মসজিদ এলাকায় পৌঁছায়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু হয়।
ঘটনাস্থলে উপস্থিত বড়দরগাহ হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোয়াজ্জেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকটির পেছনে বাসটির ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে।





